নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে সড়কের পাশে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কখন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের বিরুদ্ধে আগে বিভিন্ন স্থানে চুরির অভিযোগ থাকার কথাও জানিয়েছে পুলিশ।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
এসএস