ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৯৯ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে ৮৫ দশমিক ২০ ডলারে। লেনদেনের একপর্যায়ে দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমে যায়।
অথচ অক্টোবরের ২৬ তারিখেও আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১১৭ ডলারে। মূলত ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ ও ট্রাম্পের হুমকির কারণে বাজারে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। তবে এখন হামলার আশঙ্কা কমায় দাম পড়তে শুরু করেছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে গত ১৫ দিনে প্রতি ব্যারেলে তেলের দাম কমেছে ২৭ ডলার।
এর আগের কার্যদিবসেও তেলের দাম কমেছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে যায়। একপর্যায়ে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল এই জ্বালানি তেলের দাম।
সোমবার ট্রাম্প জানান, আপাতত ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এসব দেশের মধ্যে কাতারও রয়েছে। হোয়াইট হাউসে আলোচনার সময় দেশটির প্রধানমন্ত্রীও ট্রাম্পকে নতুন হামলা না চালানোর অনুরোধ জানান।
তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং পরে হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আপাতত হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অব্যাহত রাখবেন তিনি।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিষয়ে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকেই এখন বাজার বেশি গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা এখনো ঘটছে। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি, যাতে বাজারে নতুন করে ঝুঁকির কারণে তেলের দাম বাড়ানোর চাপ তৈরি হয়।
এদিকে তেল সরবরাহের দিক থেকেও কিছুটা ইতিবাচক চিত্র দেখা গেছে। রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, অক্টোবর মাসে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন বেড়েছে। সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে। যদিও রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।
গত ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১১৮ ডলারে উঠেছিল। এরপর থেকে দাম প্রায় ২২ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানে হামলা আরও জোরদার করতে পারেন-এমন আশঙ্কা কমে যাওয়ায় তেলের বাজারেও চাপ কমেছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার উদ্বেগ এখনো কাটেনি।
ইউরেশিয়া গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক গ্রেগরি ব্রিউ এক নোটে বলেছেন, সাম্প্রতিক দরপতনের পরও ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯০ ডলারের নিচে নামার সম্ভাবনা কম। এর জন্য উত্তেজনা কমার আরও স্থায়ী লক্ষণ এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কোনো সমঝোতা প্রয়োজন।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলা অব্যাহত থাকায় সামুদ্রিক পরিবহনের ঝুঁকি এখনো অনেক বেশি। ফলে তেলের বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।
সূত্র: রয়টার্স
টিআই