ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকে মিলল গ্রেনেড সদৃশ বস্তু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম
X

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে গ্রেনেড দুটি পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের বিষয়টি অবহিত করে। এরপর নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তবে গ্রেনেড সদৃশ বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরবর্তী সময়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। পরে পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।

গ্রেনেড সদৃশ বস্তু দুটি কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝