বরগুনার আমতলীতে গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা তালাবদ্ধ ব্যাংকের কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠলে ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তবে তাঁরা সেখানে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
গ্রামীণ ব্যাংক কড়ইবুনিয়া শাখার ব্যবস্থাপক দেবরাজ পাল বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ব্যাংকের ভেতরে আগুন ধরিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিভে যাওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় মঙ্গলবার সকালে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী সময়ে মামলা করা হবে বলেও জানান তিনি।
এদিকে আমতলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন মৃধা এ ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, ডিসেম্বরকে সামনে রেখে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। ব্যাংক কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
এসকে/আরএন