বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ এবং পোড়া তেলে খাবার তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযানকালে হোটেলটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে শুকনা গোবর সংরক্ষণের স্থানের পাশে পরোটার ময়দার খামির তৈরি এবং ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কারের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় শেরপুর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এসএ/আরএন