খুলনায় হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকানে হামলা, ভাঙচুর এবং চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
এসব অপরাধ বন্ধে পুলিশকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর সাতরাস্তা মোড়সংলগ্ন বিএমএ ভবনের সামনে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর এবং চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে চিকিৎসকরা যেমন হেনস্তার শিকার হচ্ছেন, তেমনি নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং স্বাস্থ্য খাতে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ পলাশ। এতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবীব, চিকিৎসক মেহেদী হাসান, তাজ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ওষুধের দোকান বন্ধ, ভোগান্তিতে রোগীরা
খুলনায় চাঁদাবাজির অভিযোগে একের পর এক ওষুধের দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনরা। গত সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকার ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ দেখা যায়।
এর আগে চাঁদা দাবির অভিযোগে গত ২৯ অক্টোবর থেকে বন্ধ রয়েছে টুটপাড়া সেন্ট্রাল রোডের ঐতিহ্যবাহী চয়নিকা ফার্মেসি। সর্বশেষ একই অভিযোগে বন্ধ রাখা হয়েছে রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসি।
স্থানীয়দের অভিযোগ, একটি সন্ত্রাসী গোষ্ঠী মল্লিক ব্রাদার্স ফার্মেসির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে ফার্মেসি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
রূপসা ট্রাফিক মোড়ের একজন দোকানমালিক জানান, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সিদ্ধান্তে তাঁরা দোকান বন্ধ রেখেছেন। তবে সংগঠনটির খুলনা জেলা শাখা জানিয়েছে, দোকান বন্ধ রাখার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত বা কর্মসূচি নেই। নগরীর আহসান আহমেদ রোডের ওষুধের দোকানগুলো অবশ্য খোলা ছিল।
বিসিডিএসের খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, রূপসা ট্রাফিক মোড়ের কয়েকটি দোকান বন্ধ থাকার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তবে সমিতির পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
তিনি আরও বলেন, নগরীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ নিয়ে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, রোববার রাতে মল্লিক ব্রাদার্স ফার্মেসির বিষয়ে জানতে পেরে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে তিনি সেখানে যান। প্রাথমিকভাবে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওই ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। তবে ফার্মেসির মালিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রতিষ্ঠানটি আবার খুলবে বলে মালিক তাঁকে জানিয়েছেন। এ সময় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর থাকবে।
হামলা-ভাঙচুরের অভিযোগ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও
ওষুধের দোকানের পাশাপাশি খুলনার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও হামলা, ভাঙচুর এবং হুমকির অভিযোগ উঠেছে।
গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর পিটিআই ও টুটপাড়া সেন্ট্রাল রোডের মধ্যবর্তী এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরদিন রোববার প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়। তবে ফোনে প্রতিষ্ঠান বন্ধ রাখলে হত্যার হুমকি পাওয়ার অভিযোগের পর সোমবার দুপুর থেকে সেটি আবার চালু করা হয়।
একই এলাকার খানজাহান আলী রোডে অবস্থিত মেসার্স জাহিদ ইলেকট্রনিকস নামের প্রতিষ্ঠানটিও চাঁদা দাবির অভিযোগে সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এরও আগে ২৪ অক্টোবর সন্ধ্যায় বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে। একই প্রতিষ্ঠানের সোনাডাঙা এলাকার মজিদ সরণিতে অবস্থিত সন্ধানী মেডিকেয়ার হাসপাতালেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পরপর এসব ঘটনায় নগরীর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ব্যবসায়ীরাও আতঙ্কে রয়েছেন। নিরাপত্তাহীনতার কারণে ওষুধের দোকান, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের।
এসএম/এসএস