ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার আসামি কাউসার মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-১-এর আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য কাউসার মিয়াকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। এ সময় তার হাতে হাতকড়া পরানো ছিল। তবে নির্ধারিত সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সেদিন মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি। শুনানি না হওয়ায় আসামিকে কাঠগড়ায় রাখা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহম্মেদ জানান, সাক্ষী উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম এগোয়নি। এ সময় কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় ছিলেন কাউসার মিয়া। একপর্যায়ে হাতকড়া খুলে তিনি আদালত থেকে পালিয়ে যান।
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিপনও আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত মহানগর দায়রা জজ-১-এর আদালত থেকে আরাফাত নামে এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে পালিয়ে যান কাউসার মিয়া।
এদিকে, কীভাবে হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গেলেন কাউসার মিয়া, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার পর আদালতের নিরাপত্তাব্যবস্থা নিয়েও আলোচনা শুরু হয়েছে। পালানোর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ আদালতের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাউসার মিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি বেশ পুরোনো। এ মামলায় মোট চারজন আসামি রয়েছেন।
আরএন