সোমবার শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত আন্দোলনের জেরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের ঘটনার পর মঙ্গলবার নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। একই সঙ্গে জেলার শিল্পকারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম ফিরে এসেছে।
মঙ্গলবার বিকেলে জেলার ফতুল্লার বিভিন্ন এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং বিএনপি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এম নজরুল ইসলাম আজাদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশকুল ইসলাম রাজীবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, SRB ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও কৌশলগত স্থানগুলোতে পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, নারায়ণগঞ্জে বিজিবির পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে তিন প্লাটুন সদস্য রিজার্ভ রাখা হয়েছে এবং বাকি দুই প্লাটুন সদস্য টহল কার্যক্রম পরিচালনা করছেন।
অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকেই ফতুল্লার বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। একই চিত্র দেখা গেছে সিদ্ধিরগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলেও (ইপিজেড)। শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
জেলা প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সোমবারের শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধের ঘটনার পর মঙ্গলবার নারায়ণগঞ্জের পরিস্থিতি শান্ত থাকায় শিল্পকারখানার কার্যক্রম এবং শ্রমিকদের যাতায়াত স্বাভাবিক হয়েছে।
-টিএস