গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাস, একটি কাভার্ডভ্যান ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চতুর্মুখী সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ভাটিয়াপাড়া এলাকায় উল্টো পথে মোড় নিতে গিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়। পরে বাসটি গিয়ে আরেকটি লোকাল বাসের ওপর পড়ে।
এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে।
এফএস