যশোরের কেশবপুরে ধান খেতের পাশের ড্রেন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে ওই মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে তাদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন–কেশবপুরের মাগুরখালি গ্রামের আলেক সর্দার (৪৫) এবং তাঁর স্ত্রী মাজেদা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
পুলিশ জানিয়েছে, যশোর থেকে পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এফএস