জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার রাতে কালাই-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালাই উপজেলার পুনট ইউনিয়নের আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৮) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে জয়পুরহাটের দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত এনামুল হককে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কালাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
টিইটিএল / এফএস