সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং উত্তরা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাহসিফের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর রাতে তিনি উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। পরদিন ২৮ অক্টোবর সন্ধ্যায় উত্তরা সিপি ফাইভ স্টার স্ন্যাকসে সন্দেহভাজন দিশা, এ মামলায় রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দীপ (২৩) এবং আরও কয়েকজনকে একসঙ্গে দেখা যায়।
সিসিটিভি ফুটেজে তাদের চলাফেরা এবং মোটরসাইকেলে বিভিন্ন স্থানে যাতায়াতের চিত্রও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যার স্থান নির্ধারণ এবং আসামিদের পরস্পরবিরোধী বক্তব্য যাচাইয়ের জন্য দিশাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে শনিবার তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, নিখোঁজ হওয়ার পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাসকারী তাহসিফ ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হন।
এ ছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগের দৃশ্য তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
এমএএল/এসএস