ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রমিক অসন্তোষ: সন্ধ্যায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম
X
Advertisement

শ্রমিক অসন্তোষ মোকাবিলা এবং চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে আজ সন্ধ্যায় কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। রোববার (১ নভেম্বর) সরকারের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমমন্ত্রী জানান, শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট এ বোর্ড আজ থেকেই কার্যকর হবে।

তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

শ্রমমন্ত্রী বলেন, গত তিন দিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। শুক্রবার ও শনিবার সরকারি কার্যক্রম বন্ধ থাকায় রোববার মজুরি বোর্ড ঘোষণার কথা শ্রমিকদের স্পষ্টভাবে জানানো হয়েছিল। এরপরও একটি মহল শ্রমিকদের ব্যবহার করে সরকারকে অস্থিতিশীল করা এবং জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় কয়েকটি রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগও তোলেন শ্রমমন্ত্রী। তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক পরিচয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং এ-সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা যায়নি।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

মজুরি বোর্ডের কার্যক্রম ও প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ওপর এখন শ্রমিক অসন্তোষ নিরসনের পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement