বরগুনার পাথরঘাটায় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিষখালী নদীর নীলিমা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি দল বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে দুটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুটি ডেরিক ও চারটি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২১ জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের পাশাপাশি জব্দ করা বোট ও মাছ ধরার সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া সেল জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।