চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনারে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আটক তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড বন্ড সুবিধায় পাকিস্তান থেকে তামাকের চালানটি আমদানি করে। প্রাথমিক পর্যালোচনায় চালানটির ঘোষিত আমদানি মূল্যে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া গেছে।
কাস্টমসের তথ্য অনুযায়ী, একই এইচএস কোডের পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করা হলেও আটক চালানে প্রতি কেজি তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। আগের আমদানি মূল্য বিবেচনায় চালানটি থেকে আমদানি পর্যায়ে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের প্রকৃত ব্যবহার এবং উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা না হলে আমদানি থেকে উৎপাদন ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে শুল্ক-কর ফাঁকির ঝুঁকি তৈরি হতে পারে।
চালানটি আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার বিকেল ৪টায় চট্টগ্রামের সিজিও ভবন-২-এ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এসএস