নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় গৌরব (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নওগাঁ-নাটোর মহাসড়কের মহাদিঘি এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৌরব নাটোর জেলার সিংড়া উপজেলার দীঘলগ্রামের বাসিন্দা গৌতম প্রামাণিকের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যার কিছু আগে মোটরসাইকেলযোগে সান্তাহার থেকে আত্রাই সড়ক হয়ে নাটোরের দিকে যাচ্ছিল গৌরব। পথে মহাদিঘি এলাকায় পৌঁছালে আত্রাই থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গৌরবের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মাহবুব আলম।
টিকেএস / এফএস