ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যন্তর মন্তরে গেট টপকে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৩ পিএম
X
Advertisement

দিল্লিতে বিক্ষোভের অনুমতি না পেয়ে যন্তর মন্তরের একটি গেট টপকে ভেতরে প্রবেশের পর আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। তাদের সঙ্গে থাকা কয়েকজন সমর্থককেও আটক করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করে গেট টপকে ভেতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন সিজেপির নেতারা। এ ঘটনায় আইন ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। আটক ব্যক্তিদের মধ্যে সিজেপি নেতা অজিঙ্ক শিন্দেও রয়েছেন।

সম্প্রতি যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের নিয়মে পরিবর্তন এনেছে দিল্লি পুলিশ। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রাজধানীর রামলীলা ময়দান, বুরারি মাঠ ও পূর্ব দিল্লির সিবিডি এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দিল্লি পুলিশ একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে প্রতিবাদের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত যন্তর মন্তরে বিক্ষোভ আয়োজনের সুযোগ সীমিত হয়ে পড়েছে।

এর আগে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চাইতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাসহ সিজেপির নেতারা। অনুমতি না পেলে নতুন করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছিলেন তারা।

যন্তর মন্তরে বিক্ষোভের সুযোগ সীমিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দিপক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, কর্তৃপক্ষ আর যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে রাখতে চাইছে না। তবে সেখানে বিক্ষোভ বন্ধ করা হলেও দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।

ভোটপ্রক্রিয়ায় কারচুপির অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া স্থগিত এবং ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত শনিবার যন্তর মন্তরে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি।

দলটির অভিযোগ, ওই কর্মসূচি ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য দিল্লিগামী ২৪০টি ট্রেন বাতিল এবং ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল বলে দাবি করেছে দলটি।

শনিবার যন্তর মন্তরের আশপাশে বিক্ষোভকারীদের জড়ো হতে বাধা দেয় পুলিশ। বিভিন্ন স্থানে জমায়েতের চেষ্টা করলে বেশ কয়েকজনকে আটক করা হয়। এ পরিস্থিতিকে ১৯৭৫ সালে ভারতে জারি হওয়া জরুরি অবস্থার সময়কার ঘটনার সঙ্গে তুলনা করেছে সিজেপি।

দলটির নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়েও রাজনৈতিক বক্তব্য দেন তারা। নির্বাচন কমিশনারের বিষয়ে ক্ষমতাসীন বিজেপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলে দলটি।

বিক্ষোভের অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার নেহা যাদব জানান, আগের কর্মসূচিতে সিজেপির আন্দোলনকারীরা নিয়ম ভঙ্গ করেছিলেন বলে পুলিশের অভিযোগ রয়েছে।

তার দাবি, গত জুলাইয়ে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া হলেও সেখানে কয়েকজন পাথর ছুড়েছিলেন এবং অস্ত্র নিয়ে এসেছিলেন। এতে সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আগের ঘটনার অভিজ্ঞতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়েই নতুন কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত জুলাইয়ে জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগে যন্তর মন্তরে আন্দোলন করেছিল সিজেপি। ওই সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে দলটি। এবার ভোটপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে দলটি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement