২০০৫ সালে মুক্তি পেয়েছিল শাদ আলী পরিচালিত ‘বান্টি আউর বাবলি’। অভিষেক বচ্চন ও রানী মুখার্জি অভিনীত সিনেমাটির অন্যতম আলোচিত আকর্ষণ ছিল ‘কাজরা রে’ গানটি। গানে অভিষেকের সঙ্গে নেচেছিলেন অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই। তখনও ঐশ্বরিয়া অমিতাভের পুত্রবধূ হননি। দুই বছর পর অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে হয়।
দুই দশক পেরিয়েও ‘কাজরা রে’ নিয়ে দর্শকের আগ্রহ কমেনি। সম্প্রতি গানটির শুটিংয়ের অভিজ্ঞতা এবং এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি নিয়ে কথা বলেছেন অভিষেক বচ্চন। একই সঙ্গে সুযোগ পেলে ‘কাজরা রে ২.০’তেও অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘কাজরা রে’ গানের শুটিং ছিল তার অন্যতম আনন্দের অভিজ্ঞতা। শুটিংয়ের সময়ই ছিল তার জন্মদিন। সেটে তার জন্মদিনও উদযাপন করা হয়েছিল বলে জানান তিনি।
অভিষেকের ভাষ্য অনুযায়ী, গানের শুটিংকে অনেকটা নাচের পার্টিতে পরিণত করেছিলেন পরিচালক শাদ আলী। তিনি ঘণ্টার পর ঘণ্টা গানটি বাজিয়েছিলেন। একপর্যায়ে সেটে থাকা সবাই নাচে অংশ নেন। সেই স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলোর কিছু অংশ ক্যামেরায় ধারণ করে পরে গানের দৃশ্যেও ব্যবহার করা হয়।
অভিষেক বলেন, শাদ আলী গানটি চালিয়ে দেওয়ার পর তারা প্রায় চার ঘণ্টা নাচের পার্টি করেছিলেন। সেটে নিজেদের মতো করে যে আনন্দ করেছিলেন, তার কিছু অংশই পরে গানের দৃশ্যে জায়গা পায়। তার মতে, গানটি এখন ‘কাল্ট’ মর্যাদা পেয়েছে এবং এটি তার নিজেরও পছন্দের গান।
‘কাজরা রে ২.০’ করার সুযোগ পেলে তিনি অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে অভিষেক সরাসরি সম্মতি জানান। তবে তার মতে, এর জন্য ঐশ্বরিয়া রাই ও অমিতাভ বচ্চনকেও রাজি করাতে হবে।
‘বান্টি আউর বাবলি’ সিনেমায় অভিষেক বচ্চন ও রানী মুখার্জি অভিনয় করেছিলেন প্রতারক জুটি হিসেবে। তাদের পিছু নেওয়া পুলিশ কর্মকর্তার চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। সিনেমার শেষদিকে বাবা-ছেলের চরিত্র মুখোমুখি হলেও ‘কাজরা রে’ গানে তিনজনকে একসঙ্গে দেখা যায়।
গুলজারের লেখা ‘কাজরা রে’ গানে সুর করেছিলেন শঙ্কর-এহসান-লয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন অলিশা চিনাই, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলী। কোরিওগ্রাফি করেছিলেন বৈভবী মার্চেন্ট।
এসএস