রিয়্যালিটি শোর মঞ্চে তাঁর উদ্যমী উপস্থিতি ও সিগনেচার এন্ট্রি দেখতে মুখিয়ে থাকেন কোটি দর্শক। তবে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক পর্বে কিছুটা ভিন্নভাবে হাজির হন অমিতাভ বচ্চন। শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পাওয়ার কথা নিজেই জানিয়েছেন বলিউডের এই মেগাস্টার।
সাধারণত উইংস থেকে দৌড়ে এসে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন অমিতাভ। কিন্তু চোটের কারণে এবার তিনি দ্রুত নিজের আসনে বসে অনুষ্ঠান শুরু করেন। দর্শকদের চমকে দিয়ে তিনি জানান, আগের দিন শুটিং চলাকালে অসাবধানতাবশত পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন।
নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করে অমিতাভ বলেন, চোট গুরুতর নয়। তবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে তাঁর কষ্ট হচ্ছে। তাই অনুষ্ঠানের সূচনা পর্বটি বসেই সঞ্চালনা করছেন। পরে প্রতিযোগীদের হটসিটে আহ্বান করতে তিনি উঠে দাঁড়াবেন বলেও জানান তিনি।
অমিতাভের চোটের কথা শুনে স্টুডিওর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তিনি নিজেই পরিবেশ স্বাভাবিক করে তোলেন। তাঁর পেশাদারিত্বে মুগ্ধ দর্শকরা করতালি দিয়ে তাঁকে উৎসাহ দেন।
৮৩ বছর বয়সেও নিয়মিত কাজ করে চলেছেন অমিতাভ। তবে তাঁর কর্মজীবনে শারীরিক চ্যালেঞ্জের ঘটনাও কম নয়। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওই সময় রক্ত সঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা পরে জানিয়েছিলেন তিনি। ২০০০ সালে জানা যায়, তাঁর লিভারের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া মাইস্থেনিয়া গ্র্যাভিস, ডাইভারটিকুলাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় চিকিৎসা নিয়েছেন অমিতাভ। কোভিড-১৯ আক্রান্ত হয়েও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি। বয়সজনিত হাড় ও অস্থিসন্ধির সমস্যার পাশাপাশি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটেও বিভিন্ন সময়ে পা ও পিঠে চোট পেয়েছেন।
এসব শারীরিক প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ ক্যারিয়ারে নিয়মিত ক্যামেরার সামনে ফিরেছেন বলিউডের ‘শাহেনশাহ’। এবার হাঁটুতে চোট পেলেও ‘কেবিসি’র মঞ্চে তাঁর উপস্থিতি অব্যাহত রয়েছে।
এফএস