গল্প শুনতেই লেগেছিল প্রায় সাড়ে তিন ঘণ্টা। কিন্তু সিদ্ধান্ত নিতে সুনদীপ কিশানের সময় লাগেনি!
বিজয়পুত্র জেসন সঞ্জয়ের পরিচালনায় অভিষেক ছবি ‘সিগমা’-তে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর প্রথম সাক্ষাতেই ছবিটির গল্প শুনে মুগ্ধ হন সুনদীপ। আর সেই দীর্ঘ ন্যারেশন শেষ হওয়ার পরই তিনি কার্যত ‘হ্যাঁ’ বলে দেন।
সুনদীপের ভাষ্য, জেসন শুধু গল্পই শোনাননি, ছবিটি নিয়ে তাঁর ভাবনা, চরিত্রের গতিপথ এবং দর্শকদের কী দিতে চান। সবকিছুই অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেছিলেন। নির্মাতার সেই আত্মবিশ্বাসই অভিনেতাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
অভিনেতা জানান, তাদের প্রথম দেখা হয়েছিল ‘রায়ান’ মুক্তির আগেই। জেসন তাঁর আগের কাজগুলো দেখেছিলেন এবং অভিনয় নিয়েও বিস্তারিত আলোচনা করেছিলেন। প্রথম সাক্ষাৎ থেকেই দুজনের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়।
নতুন পরিচালকের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সুনদীপের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্মাতা কেন গল্পটি বলতে চাইছেন এবং তাঁর কল্পিত সিনেমাটি অভিনেতার চোখেও দৃশ্যমান হচ্ছে কি না। ‘সিগমা’র ক্ষেত্রে দুটিই মিলে গিয়েছিল।
‘সিগমা’তে সুনদীপকে দেখা যাবে গুরু চরিত্রে। পেশায় সে একজন দুর্ধর্ষ গুপ্তধন-শিকারি ও রেডিও উপস্থাপক। বিশ্বাসঘাতকতায় সব হারানোর পর ৫০০ কোটি রুপির একটি অবৈধ সিন্ডিকেটকে লক্ষ্য করে সে বড়সড় ডাকাতির পরিকল্পনা করে।
বন্ধু ও সহযোগীদের নিয়ে পরিকল্পনা এগিয়ে নিলেও পথে আসে বিশ্বাসঘাতকতা, বিপদ আর একের পর এক অপ্রত্যাশিত মোড়। নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার লড়াইয়ে নামতে হয় গুরুকে।
জেসন সঞ্জয়ের প্রথম ছবি ‘সিগমা’য় সুনদীপ কিশানের সঙ্গে রয়েছেন ফারিয়া আবদুল্লাহ, সম্পথ রাজ, শিব পণ্ডিত ও যোগ জাপি।
ছবিটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
এনডিটিভি