ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। পা ও কোমরের সমস্যায় ভুগছেন তিনি; ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করা এই শিল্পী বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়ে চিকিৎসা নিচ্ছেন।
গত ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত। শুরুতে হাসপাতালের মেঝেতেই দিন কাটাতে হয়েছে তাঁকে। পরে তাঁর অসুস্থতা ও দুরবস্থার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তাকে একটি কেবিনে স্থানান্তর করা হয়। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
রিফাতের অসুস্থতার খবর প্রকাশের পর তাঁর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন অভিনেতা জায়েদ খান। তবে সহায়তার অর্থ তাঁর হাতে পৌঁছায়নি—এমন অভিযোগ করে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন রিফাত। তিনি জায়েদকে নিয়ে অসৎ ও প্রতারকসহ বিভিন্ন মন্তব্য করেন এবং তাঁর প্রচারিত তথ্য নিয়েও প্রশ্ন তোলেন।
পরে জায়েদ খান জানান, তাঁর পাঠানো অর্থ যে ব্যক্তির মাধ্যমে রিফাতের কাছে পাঠানো হয়েছিল, তিনি সময়মতো তা পৌঁছে দিতে পারেননি। পরবর্তী সময়ে সেই অর্থ নিয়ে হাসপাতালে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে রিফাত তা গ্রহণ করেননি বলে জানা গেছে।
অসুস্থতার পাশাপাশি রিফাত চৌধুরীর দীর্ঘ শিল্পীজীবনও নতুন করে আলোচনায় এসেছে। অভিনয়ে তিনি পাঁচ শতাধিক নাটকে কাজ করেছেন বলে জানা যায়। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’-এর মতো জনপ্রিয় নাটকে তাঁর অভিনয় দর্শকের কাছে পরিচিতি পেয়েছে। দীর্ঘ সময় ধরে টেলিভিশন নাটকে তাঁর উপস্থিতি তাঁকে দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখে পরিণত করেছে।
অভিনয়ের পাশাপাশি কবিতাতেও রয়েছে রিফাতের দীর্ঘ পথচলা। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে তাঁর কবিতার জগতে প্রবেশ। এ পর্যন্ত তাঁর ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিনয় ও কবিতার দুই ভুবনেই দীর্ঘ সময় ধরে কাজ করে যাওয়া এই শিল্পী এখন শারীরিক অসুস্থতার পাশাপাশি আর্থিক সংকটেও দিন কাটাচ্ছেন।
এস এস