ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
থাইল্যান্ডের রাজধানীকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা। পরিস্থিতি বিবেচনায় শহরটিকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে শহরের প্রধান সড়কগুলোর অনেক অংশ পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও পানির নিচে চলে গেছে গাড়িও। অনেক বাসিন্দাকে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে দেখা গেছে।

জীবন ও সম্পদের ঝুঁকি

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেন, পরিস্থিতি মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করেছে।

এছাড়া সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পদেরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের খালগুলোর আশপাশের এলাকায় পরিস্থিতি সবচেয়ে গুরুতর বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়া বিভাগও সপ্তাহান্তে আরও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আশ্রয়কেন্দ্র ও ত্রাণের প্রস্তুতি

বন্যা পরিস্থিতি মোকাবিলায় থাই সেনাবাহিনী আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী রান্নাঘর স্থাপনের কাজ শুরু করেছে। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনও কয়েকটি স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে।

বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। সরকার খালের আশপাশে বসবাসকারী মানুষদের মূল্যবান সামগ্রী নিরাপদ ও উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।

বন্যার আশঙ্কায় বিভিন্ন সুপারশপেও মানুষের ভিড় বেড়েছে। অনেকে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কিনে মজুত করছেন।

‘এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হইনি’

ব্যাংককের ১৯ বছর বয়সী বাসিন্দা সানসুক লাওয়াতচারাকুল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, আগে থেকে খাবার মজুত না করায় তিনি চিন্তিত। বাবা-মা সঙ্গে না থাকায় একা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও তার নেই।

আরেক বাসিন্দা সুপ্পাকর্ন জুলাভিজিতফং বন্যার পানিতে ঘেরা একটি কনডোমিনিয়াম থেকে নিজের লাগেজ সরিয়ে নেন। তিনি বলেন, সতর্কবার্তা পাওয়ার আগে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি। তাই আগেভাগে অন্যত্র যাওয়ার কথা ভাবেননি।

স্বাভাবিক প্লেন চলাচল

ব্যাংককের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে পর্যটন কর্তৃপক্ষ যাত্রীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বিমানবন্দরে যাতায়াতের জন্য স্বাভাবিক সময়ের চেয়ে আরও দুই থেকে তিন ঘণ্টা হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, গত নভেম্বরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যা হয়েছিল। ওই বন্যায় অন্তত ১৪৫ জনের মৃত্যু হয় এবং হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: রয়টার্স

টিআইএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement