তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার দুপুরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হতাহত সবাই ওই কারখানার শ্রমিক। দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কারখানায় বিস্ফোরণের পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতর থেকে আগুনের শিখা ও আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
স্থানীয় গভর্নরের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় একটি ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে এবং এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়। অন্যদিকে, কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের পুরো এলাকা কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীদের একজন প্রথমে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ানও হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, দেশটিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনা একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে।
ইজমিরের আলিয়াগা জেলা তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলোর একটি। এটি দেশটির জাহাজ ভাঙা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত।
এসএস