ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ বিরোধী দলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
X

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধী দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি ও সরকারের জবাবদিহি দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এসব দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও নৈরাজ্যের ঘটনা ঘটছে। তার অভিযোগ, পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। বাসে অগ্নিসংযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, গত সাত মাস ধরে সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তার অভিযোগ, রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি নেই। এ অবস্থায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রকাশ্যে চলাফেরা এবং বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এবং সরকারের জবাবদিহি দাবি করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

পরে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটছে। আর্মি গলফ ক্লাবে ককটেল বিস্ফোরণ, পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরের ফটকে হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া সীমান্ত এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর এক তরুণ সদস্য নিহত হওয়া এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও সংসদে তুলে ধরেন তিনি। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন বিরোধীদলীয় নেতা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, এতগুলো ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তারে বাহিনীগুলোর দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। জনগণের হাতে আটক কয়েকজনকে পুলিশের কাছে সোপর্দ করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিজিবি, র‌্যাব, পুলিশ ও এপিবিএন থাকার পরও পরিস্থিতি এমন কেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।

ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেবল কাগজে-কলমে নিষিদ্ধ করলেই হবে না; নিষেধাজ্ঞার পরও যদি কেউ অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করে, তাহলে সেই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। এ ক্ষেত্রে সরকারের দৃশ্যমান পদক্ষেপ এবং গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।

বক্তব্যে একটি গোয়েন্দা সংস্থার পরিচয়ে ফোন করে তাঁকে দল ছাড়ার কথা বলা হয়েছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফোনটি ভুয়া হতে পারে, আবার সত্যও হতে পারে। নম্বরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানাবেন বলে জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, এ ধরনের ফোনের পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন। একই সঙ্গে দেশে আবার পুরোনো গোয়েন্দা তৎপরতার পরিবেশ ফিরে আসছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝