‘উড়তা তীর’ সিনেমায় পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। সিনেমাটিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার দৃশ্য নিয়ে প্রশ্নের মুখে অভিনেতা বলেছেন, একজন অভিনেতা হিসেবে চরিত্র ও চিত্রনাট্যের প্রয়োজন অনুযায়ী অভিনয় করাই তাঁর কাজ।
সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আয়ুষ্মান বলেন, “এটা চিত্রনাট্যের অংশ। একজন অভিনেতা হিসেবে আপনি যেকোনো কিছু করতে প্রস্তুত থাকেন। প্রতিটি স্পাই সিনেমাতেই এমনটা হয়ে থাকে।”
তবে ‘উড়তা তীর’কে সাধারণ স্পাই সিনেমা নয়, বরং স্পাই কমেডি ও দেশাত্মবোধক কমেডি হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, “আমি সবসময় প্রথমে চিত্রনাট্য দেখি। স্ক্রিপ্ট যা চায়, আমি তাই করি। আমি পরিচালকের অভিনেতা এবং তিনি দারুণ একটি চিত্রনাট্য লিখেছেন।”
আকাশ এ কৌশিক পরিচালিত সিনেমাটিতে আয়ুষ্মান অভিনয় করেছেন বিলাল আহমেদ নামে এক পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে। মিশনে গিয়ে স্মৃতিশক্তি হারানোর পর বিলাল ভুল করে নিজেকে ভারতীয় মনে করতে শুরু করে। তার এই পরিচয়-সংকটকে ঘিরেই সিনেমার গল্প ও হাস্যরসের মূল আবর্তন।
সারা আলি খান, গুলশান গ্রোভার, রাম কাপুর, রাহুল বসু, রঘুবীর যাদবসহ আরও অনেকে অভিনয় করেছেন সিনেমাটিতে। আগামী ৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘উড়তা তীর’-এর।
এফএস