
সংগৃহীত ছবি
রাঙামাটির সাজেকে সহকর্মীদের সঙ্গে ভ্রমণে এসে মো. মাসুদুল আলম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কংলাক পাহাড়ে ওঠার সময় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. মাসুদুল আলম ঢাকার সাভারের গেন্ডায় অবস্থিত আনন্দপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি ১৭ সদস্যের একটি শিক্ষক দলের সঙ্গে সাজেক ভ্রমণে এসেছিলেন।
সহকর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাসুদুল আলম প্রথমবার অসুস্থ বোধ করেন। পরে কংলাক পাহাড়ে ওঠার সময় দ্বিতীয় দফায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে দীঘিনালা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোফা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, শিক্ষক দলটি বৃহস্পতিবার সকালে সাজেকে আসে। পরে একজন অসুস্থ বোধ করলে তাকে খাগড়াছড়ির দিকে নেয়া হয়। তিনি সাভার থেকে এসেছেন বলে জানতে পেরেছেন।
মাসুদুল আলমের আকস্মিক মৃত্যুতে তার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
টিআইএস