নানি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তির প্রথম সপ্তাহেই আয়ের ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে। প্রথম সোমবার সিনেমাটির ভারতে নিট আয় নেমে এসেছে ৫ কোটি রুপিতে। এর ফলে পাঁচ দিনে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৯৭ কোটি ১০ লাখ রুপি।
সাকনিল্কের হিসাব উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, সোমবার ভারতে ৫ হাজার ৮০৪টি প্রদর্শনী থেকে সিনেমাটি ৫ কোটি রুপি নিট আয় করেছে। একই দিনে বিদেশের বাজার থেকে এসেছে আরও ৭৫ লাখ রুপি। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৮৫ লাখ রুপি।
মুক্তির প্রথম দিনেই ৩৪ কোটি ৬৫ লাখ রুপি নিট আয় করে নানির ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্য দেখেছিল ‘দ্য প্যারাডাইস’। দ্বিতীয় দিনে আয় হয় ১৪ কোটি ৯০ লাখ, তৃতীয় দিনে ১৫ কোটি ২৫ লাখ এবং চতুর্থ দিনে ১৫ কোটি ৭০ লাখ রুপি। কিন্তু প্রথম কর্মদিবসেই আয়ে বড় পতন দেখা যায়।
সিনেমাটির মোট ভারতীয় আয় ১১৪ কোটি ৮৫ লাখ রুপি, আর বিদেশের বাজারে আয় ৩০ কোটি রুপি।
শ্রীকান্ত ওদেলার পরিচালনায় নির্মিত ‘দ্য প্যারাডাইস’-এ নানির সঙ্গে অভিনয় করেছেন মোহন বাবু, কায়াদু লোহার, সোনালি কুলকার্নি ও রাঘব জুয়াল। ১৯৮০-এর দশকের সেকেন্দ্রাবাদকে পটভূমি করে নির্মিত সিনেমাটিতে সামাজিক বৈষম্য ও অধিকারবঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে।
এফএস