শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার নতুন আসর ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশগ্রহণের জন্য আগামী ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিটিভির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘নতুন কুঁড়ি-২০২৬’ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করা হবে। এসব অঞ্চলে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবে বিভাগীয় বাছাইপর্বে। এরপর চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়।
এবারের আয়োজনে মোট বেশ কয়েকটি বিষয়ে প্রতিযোগিতা হবে। এর মধ্যে রয়েছে-অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, হামদ-নাত ইত্যাদি।
প্রতিযোগীদের বয়স অনুযায়ী দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় ৬ বছর থেকে ১১ বছরের নিচের ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। আর ‘খ’ শাখায় প্রতিযোগীদের বয়স হতে হবে ১১ থেকে ১৫ বছর।
প্রাথমিক ও বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘নতুন কুঁড়ি-২০২৬’-এর চূড়ান্ত পর্ব। বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার অনুষ্ঠানগুলোর অন্যতম ‘নতুন কুঁড়ি’। ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক শিল্পীর পথচলার শুরু হয়েছিল শিশু-কিশোরদের এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মঞ্চ থেকে।
দীর্ঘ সময় ধরে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ভূমিকা রাখা ‘নতুন কুঁড়ি’ সর্বশেষ আয়োজিত হয়েছিল ২০০৫ সালে। এরপর দীর্ঘ বিরতির পর আবারও আয়োজনটি ফিরে আসে। নতুন করে শুরু হওয়া এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের নতুন প্রতিভাবান শিশু-কিশোরদের সামনে আসার সুযোগ তৈরি হচ্ছে।
টিআই