রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে। শুক্রবার (২ অক্টোবর) প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী ৮ অক্টোবর থেকে সিনেমাটি দেখা যাবে।
প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে নির্মিত ‘প্রেশার কুকার’-এ নেই কোনো প্রথম সারির নায়ক। চার নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি এ বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শকদের সাড়া পায়।
হইচইয়ের প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। শহরে যখন নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি সেই গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
‘প্রেশার কুকার’-এর প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এছাড়া অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবিসহ অনেকে। অতিথি চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।
সিনেমাটির ‘বড়াই করে’ গানটিও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। অঙ্কন কুমারের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
এসএস