ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে সমাবেশ করেছেন পোশাকশ্রমিকরা। দাবি বাস্তবায়নে ১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শ্রমিক নেতারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশকে ঘিরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে মিছিল নিয়ে শ্রমিকরা সেখানে জড়ো হন। কর্মসূচি শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।
শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও শ্রমিকদের আয় সেই অনুপাতে বাড়েনি। বর্তমান বাস্তবতায় শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন।
পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, ‘১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।’
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্যসচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।