বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি।
সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—সাংবাদিকতার তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল খালিদীর। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তিনি।
দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে।
আরএন