বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি অন্যান্য যাত্রীর মতো বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন বলে দাবি করেন তিনি। এর প্রতিবাদে আখতারুজ্জামান ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। অথচ তদন্তের আগেই ১ অক্টোবর রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয় এবং ওই মামলায় শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে পাঠানোসহ বিভিন্ন বিষয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে দাবি করেন তিনি।
নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তির বিষয়টিও তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আখতারুজ্জামানসহ যেসব যাত্রী বিমানবন্দরে ভোগান্তির শিকার হয়েছেন, সেসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান।
আরএন