নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর এক ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদের ছেলে। হামলায় আহতরা হলেন নিহতের ছেলে মো. সাইদ (২২) এবং তাঁর দুই ভাই মুক্তার আলী (৫০) ও বদর উদ্দিন (৫৫)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) সঙ্গে জমির করলা গাছ তোলা নিয়ে আবুল কাশেমের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় রনির লোকজন ধারালো চাকু দিয়ে আবুল কাশেমের পিঠের নিচে কোমরের অংশে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ছেলে সাইদ এবং দুই ভাই মুক্তার আলী ও বদর উদ্দিনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে আবুল কাশেম মারা যান। আহত অপর তিনজন বর্তমানে একই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।