মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ঝোপের আড়ালে ওৎ পেতে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ছিনতাই-ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ধারালো ছুরি, টর্চলাইট, রশি ও ইলেকট্রিক টেপ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি পরিত্যক্ত পাম্পের কাছে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জের ইসপাহানী আগানগরের সুজন মোড়ল (২৪), মুন্সীগঞ্জের সিরাজদিখানের দক্ষিণ তাজপুরের নাঈম ফকির (২০), শ্রীনগরের হাসান শেখ (১৯), শরীয়তপুরের জাজিরার কাজিরহাটের ফারুক (২৮) এবং ঢাকার কেরানীগঞ্জের দিঘীরপাড় এলাকার মাসুম (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এএসআই ইয়ার মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল বেজগাঁও এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ৮ থেকে ৯ জন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা ঢাকা থেকে মাওয়া এলাকায় ঘুরতে আসা গাড়িগুলোকে লক্ষ্য করে সার্ভিস লেনের পাশে ঝোপের আড়ালে ওৎ পেতে থাকতেন। সুযোগ বুঝে গাছ ফেলে গাড়ি থামিয়ে ছিনতাই ও ডাকাতি করতেন।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি চাপাতি, একটি ধারালো ছুরি, একটি রিচার্জেবল টর্চলাইট, প্রায় ১০ হাত লম্বা পাটের রশি এবং একটি কালো রঙের ইলেকট্রিক টেপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা শেষে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এইচআই/আরএন