ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আট জেলে একটি ফিশিং বোট নিয়ে সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণে যান। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে।
পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ফিশিং বোটের এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে একটি উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। উদ্ধার করা জেলেদের মহাজনের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জেডইউ/আরএন