জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দলের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রংপুর লংমার্চ গণমাধ্যমে প্রত্যাশিত কাভারেজ পায়নি।
বুধবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, একজন নেতা আক্ষেপ করে বলেছেন, প্রথম লংমার্চ গণমাধ্যমে ভালোভাবে কাভার হলেও দ্বিতীয় লংমার্চের কাভারেজে তিনি হতাশ। তাঁর মতে, প্রথম কর্মসূচির তুলনায় রংপুর লংমার্চে মানুষের ‘ওয়ার্মেস্ট সাপোর্ট’ ছিল।
গণমাধ্যমের সঙ্গে দলের সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘মিডিয়া হাউসে যারা নিয়ন্ত্রণ করছেন তাদের বলতে চাই, দেশ ও জাতির স্বার্থে এত বড় কর্মসূচি হয়ে গেল। এটা তো আমাদের কোনো দলীয় এজেন্ডা না। মেহেরবানি করে আমাদের ডিউ শেয়ারটা দেন।’
তিনি বলেন, কোনো গণমাধ্যম খবর প্রকাশ না করলে তাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়। বরং রাজনৈতিক দলগুলোর উচিত গণমাধ্যমের সঙ্গে ‘এনগেজমেন্ট’ বাড়ানো।
ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কর্মসূচির তথ্য আগেই গণমাধ্যমকে দেওয়ার জন্য দলের মিডিয়া বিভাগকে উদ্যোগ নিতে বলা হবে বলেও জানান তিনি।
এসএস