নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্টে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ক্রাউন ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১২-০৪৮২) তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল (ল্যাবোরেট কোডিন ফসফেট) উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে জাকির হোসেন মৃদুলকে আটক করা হয়।
আটক জাকির কলমাকান্দা উপজেলার বামনগাঁও এলাকার গিয়াস উদ্দিন ও মোছা. তাসলিমা খাতুনের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার করা ফেনসিডিলসহ জাকিরের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মোঃ এমদাদুল ইসলাম / এফএস