বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই খুলনার ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)। তারা বাগেরহাটের রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে।
এসআরবি-৬ সদর কোম্পানি সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে খুলনা জেলার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৬-এর একটি দল। এ সময় শেখ আহাদ আহমেদ ইতু হত্যা মামলার এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মৎস্যঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদী ও আসামিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২০ সেপ্টেম্বর রামপালের চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনে ইটের সলিং করা রাস্তায় আসামিরা গিয়ে গালাগাল করেন।
এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি ফোর্স।
সৈকত মোঃ সোহাগ/ এফএস