খুলনার একটি আবাসিক হোটেলে বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবককে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফাতেমা (২৫) নামে এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে সদর থানার কপোতাক্ষ হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে সোহেল রানা বাবুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, সোহেল রানা বাবু ও ফাতেমা স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেল কপোতাক্ষের ১০ নম্বর কক্ষে ওঠেন। কিছুক্ষণ পর ওই কক্ষে তাদের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে সোহেল রানাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ হোটেলে গিয়ে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। এ সময় ফাতেমাকে হেফাজতে নেওয়া হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, নিহত সোহেল রানার আগে একটি বিয়ে হয়েছিল। তার আগের স্ত্রী ঢাকায় থাকেন এবং তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। অন্যদিকে, ফাতেমার সঙ্গে সোহেল রানার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং ফাতেমা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।
ওসি আরও জানান, রোববার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে ওড়না গলায় পেঁচিয়ে সোহেল রানাকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফাতেমা। তাকে থানার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসএফ