দায়িত্ব নেওয়ার তিন মাস না পেরোতেই চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে বদলি করা হয়েছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পাঠানো হয়েছে। এর আগে তাঁর থানার এলাকায় প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা আলোচনায় আসে।
সোমবার পুলিশ সদর দপ্তরের আদেশে এ বদলির কথা জানানো হয়। ২২ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে তাঁকে ছাড়পত্র নিতে বলা হয়েছে।
সম্প্রতি পাথরঘাটার সতীশ বাবু লেনে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে রিকশার এক যাত্রীকে ছুরি দেখিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। পরে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।
এরপর লালখানবাজার-কাজীর দেউড়ি সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন ওঠে।
আবু জায়েদের বদলি অবশ্য কোনো নির্দিষ্ট ঘটনার কারণে হয়েছে। এমন কথা আদেশে উল্লেখ নেই। এর আগে পটিয়া থানার ওসি থাকাকালেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বিরোধের ঘটনায় তাঁকে প্রত্যাহার করা হয়েছিল। পরে সন্দ্বীপ হয়ে গত জুনে কোতোয়ালি থানার দায়িত্ব পান তিনি।
এফএস