জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাস, সিটি সার্ভিস ও লঞ্চের ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১০ পয়সা এবং নৌপথে লঞ্চের ভাড়া নটিক্যাল মাইলপ্রতি ৫ পয়সা বাড়ানো যেতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রচারিত এক জরুরি প্রেস বার্তায় এ প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের প্রতিনিধি না রেখে একপেশেভাবে পরিবহন মালিকদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
প্রেস বার্তায় বলা হয়, সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করলেও যাত্রীদের মতামত নেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি।
সংগঠনটির দাবি, ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে পরিবহন মালিকদের প্রকৃত পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং এর বিপরীতে কত টাকা ভাড়া বাড়ানোর প্রয়োজন- তার সঠিক হিসাব জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। এতে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে।
জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে ভাড়া বৃদ্ধির প্রক্রিয়ায় ভুক্তভোগী যাত্রীদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে নটিক্যাল মাইলপ্রতি ৫ পয়সা ভাড়া সমন্বয় করা যেতে পারে।
-টিএস