ধর্ষণের অভিযোগে করা মামলার বাদী জাহানারা বেগমকে (৬৩) গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
২০২৫ সালের ২৭ নভেম্বর পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন জাহানারা বেগম। এতে মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেন, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহর বিরুদ্ধে তার ১২ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগ আনা হয়।
আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করে পিবিআই। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
জাহানারা বেগম বলেন, চুরির অপবাদে তার দুই নাতিকে আটকে রাখার ঘটনায় তিনি মামলা করেন। তবে মডেল মসজিদের ইমাম তানভীর হোসেনের দাবি, মসজিদের মালামাল চুরির ঘটনায় তার নাতিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এফএস