মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আহত অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে বেজগাঁও যাত্রীছাউনির পাশে ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত নারীকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আহত নারীর নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়ক পার হওয়ার সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নারীটি আহত হয়ে থাকতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মহাসড়ক পারাপারের সময় পথচারীদের সতর্ক থাকার এবং সম্ভব হলে নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহারের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
মোঃ হামিদুল ইসলাম লিংকন /এফএস