খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রিপেইড মিটার রিচার্জ গত সোমবার বন্ধ হয়ে যায়। ১৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে তা আবার সচল হয়।
ওজোপাডিকোর কর্তৃপক্ষ জানান, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে প্রিপেইড মিটারিং সিস্টেমের ডাটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর ফলে ভেন্ডিং কার্যক্রম (মিটার রিচার্জিং) সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে ওজোপাডিকোর প্রিপেইড মিটারিং দপ্তরের কারিগরি বিশেষজ্ঞ দলের নিরলস চেষ্টায় আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রিপেইড সিস্টেমের ভেন্ডিং কার্যক্রম পুরোদমে সচল হয়।
আজ ওজোপাডিকোর খুলনা সদর দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সময়ে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলে ভেন্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে প্রিপেইড মিটার গ্রাহকরা যে প্রতিবন্ধকতা ও অসুবিধার সম্মুখীন হয়েছেন, সে জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়। এ ছাড়া এ ব্যাপারে সবার পরামর্শ ও সহযোগিতা আহ্বান করা হয়।