প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাস দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শহীদ রিয়া গোপ স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ আরও অনেকে।
কর্মসূচি শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘আজকে আপনাদের উপস্থিতিই প্রমাণ করে, প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। প্রধানমন্ত্রী দেশের ছয়টি জেলার ডিসিকে ডেকে বিশেষ নির্দেশনা ও দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম।’
এসএস/আরএন