কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আইনজীবী আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু-সংলগ্ন এলাকায় যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে পর্যটকবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান আজ শনিবার সকাল ১০টার দিকে বলেন, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান, গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও একজন অজ্ঞাতপরিচয় আইনজীবী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মিজানুর রহমান মারা যান।
আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে অ্যাডভোকেট মিজানুর রহমানসহ আহত অন্য আইনজীবীরা হাওর এলাকায় ঘুরতে গাজীপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন।
ওসি রুকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনএ/আরএন