খুলনা নগরীর দৌলতপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে খুলনা-যশোর মহাসড়কের কুলিবাগান এলাকার ইস্পাহানি জুট প্রেস কলোনির সামনে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে জলিল মুন্সি কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে জলিলের বুকের ডান পাশের ওপরের অংশ ও পিঠের বাম পাশে আঘাত লাগে। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দৌলতপুর থানার সাদা পোশাকের পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিল। তারা হামলাকারীদের দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার মৃত সালামের ছেলে মো. রাসেল (৩২), আসিফ মোল্লা (২৫) ও অজ্ঞাত এক যুবককে শনাক্ত করা হয়।
পুলিশের ধাওয়ার মুখে আসিফ ও অজ্ঞাত যুবক মোটরসাইকেলে পালিয়ে যায়। আর পিস্তলধারী রাসেল ওরফে পিচ্চি রাসেল পাশের একটি বস্তিতে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয়দের দাবি, রাসেলকে প্রায় ১৫ দিন আগে দৌলতপুর থানা পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছিল। কয়েকদিন আগে তিনি জামিনে মুক্তি পান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ এফ এম জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত জলিল মুন্সির বুকের ডান পাশের ওপরের অংশ ও পিঠের বাম পাশে ছিদ্র রয়েছে। তবে একটি নাকি দুটি গুলি লেগেছে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এসএস/আরএন