ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার দরিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এভারগ্রীন পরিবহনের’ একটি বাস দরিয়াপুর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
ইলেটগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ তদারকি করে। দুর্ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি না হলেও আটজন যাত্রী আঘাত পেয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আনোয়ার হোসাইন/এসএ