আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে জর্ডান সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সফরের প্রথম ম্যাচেই স্বাগতিক জর্ডানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আম্মানে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আলপি আক্তার। বিরতির পর আরও চার গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে একবার করে বল জালে জড়ান রিয়া, মৌসুমী, কুলসুম ও পায়েল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই মাঠে আগামী ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।