নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় আটজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫৭৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০টি ইয়াবা, পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মহাদেবপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মান্দায় পুলিশের পৃথক অভিযানে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এ ছাড়া পোরশা থানার পুলিশের অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে জব্দ করা মদ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, নিয়ামতপুর থানার পুলিশের অভিযানে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুরো জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
কাজী কামাল হোসেন /এফএস